১ এপ্রিল থেকে তেল ক্রয়ে লাগবে ‘ফুয়েল কার্ড’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জ্বালানি তেল সরবরাহকে শৃঙ্খলায় আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কেউ তেল ক্রয় করতে পারবেন না। তবে কৃষকদের জন্য বিশেষ শিথিলতা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তেল মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক জানান, ফুয়েল কার্ড ছাড়া আগামী ১ এপ্রিল থেকে কেউ তেল সরবরাহ পাবেন না। এজন্য ৩০ ও ৩১ মার্চ দুই দিন ফুয়েল কার্ড বিতরণ করা হবে। আবেদনকারীরা জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স এবং এক কপি ছবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। কার্ডটি বিনামূল্যে প্রদান করা হবে।
চুয়াডাঙ্গায় মোট ২২টি তেল পাম্প রয়েছে। সোমবার থেকে সব পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল সরবরাহ কার্যক্রম চালু থাকবে। কৃষকরা ২৪ ঘণ্টা ডিজেল সংগ্রহ করতে পারবেন। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত পুলিশ ও সাংবাদিকদের জন্য জেলা ও উপজেলায় নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়ার সুবিধা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, এসব উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। সীমান্ত এলাকায় বিজিবি তেল পাচার রোধে কঠোর নজরদারি চালাচ্ছে।
পুলিশ সুপার রুহুল কবীর খান বলেন, ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাম্প মালিকদেরও অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে।








