Logo

ইউএনও কার্যালয় থেকে টাকা চুরি, পরিচ্ছন্নতাকর্মীসহ গ্রেফতার ২

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
৩০ মার্চ, ২০২৬, ১৪:১৫
ইউএনও কার্যালয় থেকে টাকা চুরি, পরিচ্ছন্নতাকর্মীসহ গ্রেফতার ২
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্টিলের আলমারি থেকে টাকা চুরির ঘটনায় তুষার দাস (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক নারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকা থেকে তুষার দাসকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই টাকাসহ সুবর্ণা হিরা নামে এক নারীকে গোপালগঞ্জ জেলা থেকে আটক করে পুলিশ।

উপজেলা প্রশাসন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষের একটি স্টিলের আলমারিতে ২৬ মার্চের ব্যয়ের জন্য ৪ লাখ ৬ হাজার টাকা সংরক্ষিত ছিল। ২৫ মার্চ সকালে অফিসে এসে তিনি আলমারির তালা খুলতে ব্যর্থ হন। পরে মিস্ত্রি ডেকে তালা খোলা হলে দেখা যায়, ভেতরের তালা ভাঙা এবং নগদ অর্থ উধাও।

বিজ্ঞাপন

এ সময় আলমারিতে রাখা হাটবাজার খাস আদায়ের আরও ১৪ লাখ টাকা এবং আড়াই লাখ টাকার দুটি পে-অর্ডারও পাওয়া যায়নি। তবে খোঁজাখুঁজির একপর্যায়ে ছেঁড়া অবস্থায় পে-অর্ডার দুটি উদ্ধার করা হয়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ওই কক্ষে পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসের সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যায়। এরপর জাকির হোসেন খাঁন বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার দাস চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সদর থানার থানা পাড়া এলাকার হেয়ায়েত শেখের ভাড়া বাসা থেকে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং সুবর্ণা হিরাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বাদী জাকির হোসেন খাঁন বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা তাকে সন্দেহ করি। এর আগেও তিনি গোসাইরহাট উপজেলায় চুরির অভিযোগে শাস্তিমূলক বদলি হয়ে এখানে এসেছিলেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, “চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, “এজাহারের ভিত্তিতে তুষার দাসকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চোরাই টাকা উদ্ধার এবং আরও এক নারীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD