গণভোট সমর্থনে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যেই বহিষ্কার ছাত্রদল নেতা

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের জেরে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষর ছিল এবং নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, একই দিন দুপুর ১টার দিকে রাকিবুল হাসানের ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ‘জুলাই আন্দোলন’ ঘিরে জেলা শহর ও আদিতমারী এলাকায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা যায়। এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার।
বহিষ্কার প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় রাকিবুল জানান, স্কুলজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান তাকে অনুপ্রাণিত করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ব্রি’তে আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত। দেশের স্বার্থে বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট বাস্তবায়ন জরুরি।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দলীয় সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।








