নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও প্রখ্যাত আলেম আল্লামা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বিজ্ঞাপন
আল্লামা আবু তাহের নদভী চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতের সভাপতির পাশাপাশি জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, সংগঠন পরিচালনা ও ধর্মীয় দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। এছাড়া সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারী এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর দুঃখ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
শোকবার্তায় নেতারা উল্লেখ করেন, আল্লামা আবু তাহের নদভী ছিলেন জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ একজন আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একজন নিবেদিতপ্রাণ খেদমতগার। তার ইলমি অবদান ও দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা মুসলিম সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বিদায়ে পরিবার, শিক্ষার্থী ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং তার কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমের জানাজা সোমবার রাত সাড়ে ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








