Logo

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
৩১ মার্চ, ২০২৬, ১৪:৩৪
পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী
ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশন-এর আওতাধীন পূবাইল অঞ্চল-২ কার্যালয়ে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ দীর্ঘদিনের।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি অফিস শুরু হওয়ার আধা ঘণ্টা পরও অনেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন না।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্র অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে উপস্থিত থাকতে হবে এবং অন্তত সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করা এবং সরকারি কাজে গতি ও সমন্বয় বাড়াতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা মানছেন না।

সকাল ৯টায় পূবাইল অঞ্চল-২ কার্যালয়ে গিয়ে লাইসেন্স শাখা, কর শাখা, জন্মনিবন্ধন শাখা ও প্রশাসন শাখায় কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও অনেকেই অনুপস্থিত ছিলেন।

সকালে জন্মনিবন্ধনের কাজ সারতে এসে অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অপেক্ষা না করেই ফিরে যান। সকাল ৯টা ২০ মিনিটে অফিসে এসে সহকারী হিসাবরক্ষক ফাইজুল ইসলাম খন্দকার জানান, তিনি অফিসের কাজে ব্যাংকে গিয়েছিলেন। তবে ব্যাংক খোলার সময় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

বিজ্ঞাপন

হায়দরাবাদ এলাকা থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, “সকাল সকাল কাজ সেরে চলে যাব ভেবেছিলাম। এসে দেখি কর্মকর্তা নেই। কতক্ষণ অপেক্ষা করব, তাই ফিরে যাচ্ছি।” পূবাইল বাজার থেকে আসা আরেকজন জানান, “অল্প সময় ছুটি নিয়ে এসেছি। কর্মকর্তা না পেলে আমাদের কষ্টটাই বৃথা যায়।”

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সময়সূচি অনুসরণ না করলে জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সোহেল, প্রধান নির্বাহী কর্মকর্তা, বলেন, পূবাইলের নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে নগর ভবনে সভায় ছিলেন। তবে অন্যান্য কর্মকর্তা সময়মতো উপস্থিত না থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পরে পূবাইল অঞ্চল-২-এর নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন জানান, পূর্বেই সব কর্মকর্তাকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এ নির্দেশনা মানছেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD