ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৫)কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরান হোসেন সোহাগ তার কয়েকজন বন্ধুকে নিয়ে গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সেখানে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তার মাথার একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়েই হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।








