ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৬)কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে।
বিজ্ঞাপন
ইমরান সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্যসচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় সোহাগ তার বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সোহাগের মাথার একটি অংশ ছিন্নভিন্ন ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকারী এবং হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।








