Logo

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৬:৪৭
৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা
ছবি: সংগৃহীত

জন্মের মাত্র দেড় বছর বয়সে দত্তক হয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। এখন ৪৬ বছর বয়সে নিজের শিকড়ের সন্ধানে জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন তিনি। খুঁজছেন জন্মদাতা মা-বাবা, আত্মীয়স্বজন ও পরিবারের অন্য সদস্যদের। পুরোনো নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে চলছে তার এই অনুসন্ধান।

বিজ্ঞাপন

সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে মালুমঘাট, খুটাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। হাতে লিফলেট নিয়ে মানুষের কাছে জানতে চাইছেন নিজের পরিবারের খোঁজ। আপনজনদের সঙ্গে পুনর্মিলনের আশায় বিভিন্নজনকে জানাচ্ছেন নিজের জন্মপরিচয় ও অতীতের কথা।

সেলিনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো নথিপত্র ঘেঁটে তিনি জানতে পেরেছেন, তার জন্মদাত্রী মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইংরেজিতে কথা বলা সেলিনা বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না, তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করি, মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজে পাব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের জন্ম ও দত্তক হওয়ার ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার জন্ম মালুমঘাটে। একজন মহিলা আমাকে দেড় বছর বয়সে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। তাদের আদর-যত্নেই আমি বড় হয়েছি। কিন্তু আমার আসল পরিবার বাংলাদেশে। আমি তাদের সঙ্গে আবার একত্রিত হতে চাই।’

পরিবারের সন্ধানে সেলিনা সঙ্গে রেখেছেন শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব পুরোনো নথি ও ছবিই এখন তার জন্মপরিচয় এবং পরিবারের সদস্যদের খুঁজে পাওয়ার প্রধান সূত্র।

বিজ্ঞাপন

সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, জন্মদাতা পরিবারের সন্ধানে এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন তিনি। এবার আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই সময় তারা একসঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে সেলিনার মা-বাবা ও স্বজনদের খোঁজ করবেন।

এদিকে সেলিনা গোমেজের জন্মদাতা মা-বাবা, আত্মীয়স্বজন কিংবা পরিবার সম্পর্কে কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে যোগাযোগের আহ্বান জানিয়েছেন রাসেল আলম।

পরিবারের সন্ধান পেলে অথবা সেলিনার বাংলাদেশে ফিরে আসার খবর তার কোনো স্বজনের কাছে পৌঁছাতে পারলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে ফোন করতে অথবা findfamily1402@gmail.com ঠিকানায় ই-মেইল করতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শৈশবের স্মৃতি মনে না থাকলেও জন্মদাতা মা-বাবার নাম ও জন্মস্থানের সূত্র ধরে ৪৫ বছর পর আপনজনদের খুঁজছেন সেলিনা। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা এই নারীর এখন একটাই প্রত্যাশা—জন্মদাতা পরিবারকে খুঁজে পাওয়া এবং তাদের সঙ্গে আবারও মিলিত হওয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD