কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, গণতন্ত্র রক্ষার শপথ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতন্ত্র রক্ষা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে দলটি।
বিজ্ঞাপন
দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রেরণা। তৎকালীন স্বৈরাচারী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। বর্তমান সময়েও জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, জনগণের অধিকার হরণকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজপথ সব সময় সরব ছিল। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় অবস্থানে থাকবে।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক কুড়িগ্রাম পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফজলুর রশিদ (পিপি), সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, জেলা জাসাসের সভাপতি সজিব, শ্রমিক নেতা রিজন সরকার এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর বক্তব্য দেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাকে অপরিহার্য বলে উল্লেখ করেন। একই সঙ্গে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের দাবি জানান তাঁরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা যুবদলের ১ নম্বর সদস্য আব্দুল হামিদ সরকার, পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ হোসেন লিটু, সাবেক জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল এবং যুবনেতা ওয়ায়েস কারনীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি ও সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।








