Logo

পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি, একজন গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৮ নভেম্বর, ২০২৬, ১৪:৪৬
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি, একজন গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে মারধর, টাকা-পয়সা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি রেইনবো কমার্শিয়াল অ্যান্ড এসএস লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সাবেক দুই নারী কর্মী ভালো বেতনে অন্য প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মাজুখান এলাকায় ফাহিমা নামের এক নারীর ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে চা-নাশতা খাওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আরও কয়েকজন ওই বাসায় প্রবেশ করেন। পরে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁর স্ত্রীর কাছে দুর্ঘটনার কথা বলে টাকা দাবি করা হয়। টাকা আদায় করতে না পেরে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা, বিকাশের মাধ্যমে আরও ৩ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যে তাঁর ব্যবহৃত লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল বিক্রি করেছেন মর্মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় পূবাইল থানায় নিয়মিত মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আধকানী জালালাপুর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি পূবাইলের মাজুখান এলাকায় ফাহিমা নামের এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান,অভিযানে তাঁর হেফাজত থেকে অভিযোগে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি স্মার্ট মোবাইল ফোন এবং তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠিয়ে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD