মালয়েশিয়ায় জোরপূর্বক পাচারের প্রস্তুতি, টেকনাফে উদ্ধার ৯ ব্যক্তি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় মানবপাচারের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে পাচারের জন্য জড়ো করা ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির অভিযান টের পেয়ে মানবপাচার চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থানার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে দক্ষিণ লম্বরীঘাটে নিয়ে আসার খবর পায় বাহিনী। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে একটি বিশেষ টহল দল বিকেল সাড়ে ৫টার দিকে এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল লম্বরীঘাটে ২০ থেকে ২৫ জন ব্যক্তির উপস্থিতি দেখতে পায়। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে এগিয়ে আসতে দেখে সেটিকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি বুঝতে পেরে মানবপাচার চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁদের জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
বিজ্ঞাপন
অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মানবপাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ৯ জনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, অভিযানে পাচারের শিকার ৯ জনকে উদ্ধার করা গেলেও পালিয়ে যাওয়া মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।








