Logo

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের শহিদুল খাঁন

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২ এপ্রিল, ২০২৬, ২২:১৪
সততার দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের শহিদুল খাঁন
ছবি: সংগৃহীত

যশোর শহরের ব্যস্ত চারখাম্বার মোড়ে রাস্তায় পড়ে থাকা ২৩ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এক ব্যবসায়ী শহিদুল ইসলাম খাঁন। তার এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, যশোর শহরের চারখাম্বার মোড়ে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ নামের রড–সিমেন্ট ব্যবসা পরিচালনা করেন শহিদুল ইসলাম খাঁন। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরে এই ব্যবসা শুরু করেন। প্রতিদিনের মতো তিনি দোকানে বসে ক্রেতা ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ রাস্তায় একটি লাল রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে তার দৃষ্টি আকর্ষিত হয়।

পরে কৌতূহলবশত ব্যাগটি তুলে খুলে দেখেন সেখানে ২৩ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। এরপর তিনি সিদ্ধান্ত নেন, প্রকৃত মালিককে পাওয়া না গেলে ব্যাগটি থানায় জমা দেবেন।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর দোকানের সামনে একজন ব্যক্তি ব্যাগ খুঁজতে আসেন। তাকে ডেকে কথা বলার পর শহিদুল ইসলাম নিশ্চিত হন, তিনিই হারানো টাকার প্রকৃত মালিক। এরপর যাচাই–বাছাই শেষে তিনি ব্যাগটি টাকাসহ মালিকের হাতে তুলে দেন।

টাকা ফেরত পাওয়া ব্যক্তি ফখরুল হুদা, যিনি যশোর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এবং শংকরপুর এলাকার বাসিন্দা।

তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাজার থেকে ইজিবাইকে করে ফেরার সময় চারখাম্বার মোড়ে পৌঁছালে ঝাঁকুনিতে তার হাত থেকে লাল ব্যাগটি পড়ে যায়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি। পরে বাড়িতে গিয়ে ব্যাগটি খুঁজে না পেয়ে আবার চারখাম্বার মোড়ে ফিরে আসেন এবং সেখানেই ব্যবসায়ী শহিদুল ইসলামের সহযোগিতায় তা ফিরে পান।

বিজ্ঞাপন

ব্যবসায়ী শহিদুল ইসলাম খাঁন বলেন, দোকানের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে তিনি তা তুলে নেন। পরে ভেতরে টাকা ও কাগজপত্র দেখে নিশ্চিত হন এটি হারানো কোনো ব্যক্তির। যথাযথ যাচাইয়ের পর তিনি মালিককে ডেকে ব্যাগটি ফেরত দেন।

এ ঘটনায় দুই পক্ষই একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফখরুল হুদা ব্যবসায়ী শহিদুল ইসলামের সততা ও মানবিকতার প্রশংসা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহিদুল ইসলাম খাঁন ব্যাপক প্রশংসা ও ইতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD