তদন্তে দক্ষতা বাড়াতে পুলিশকে প্রশিক্ষণ দেবে জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অভিযোগ ও মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে। তদন্তের মানোন্নয়ন ছাড়া অপরাধ দমন ও বিচার প্রক্রিয়া দ্রুত করা সম্ভব নয় বলে জানিয়েছেন জিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জিএমপি কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, তদন্তের মান এবং পুলিশের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, অনেক মামলার তদন্তে তথ্যগত ঘাটতির কারণে আদালতে যথাযথ আলামত উপস্থাপন করা সম্ভব হয় না। ফলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। এ বাস্তবতায় তদন্ত কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একজন তদন্ত কর্মকর্তার জন্য অপরাধের ধরন বিশ্লেষণ, ঘটনার সময় ও স্থান মূল্যায়ন, আলামত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ যাচাই এবং পূর্ববর্তী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দক্ষতার ঘাটতি থাকলে তদন্ত দুর্বল হয়ে পড়ে এবং বিচার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ে।
আধুনিক অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং তথ্য বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করে কমিশনার বলেন, অপরাধী ও তাদের নেটওয়ার্ক শনাক্ত করতে এসব পদ্ধতি আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি অপরাধের উদ্দেশ্য উদঘাটন করে সে অনুযায়ী তদন্ত পরিচালনার ওপর জোর দেন তিনি।
সভায় জিএমপির বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়। কমিশনার জানান, জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা এখনও কম। পাশাপাশি যানবাহনের সংকট রয়েছে, যা টহল কার্যক্রম ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে এসব কার্যক্রম আরও কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মত দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সড়কে পুলিশের উপস্থিতি বৃদ্ধি, টহল জোরদার এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সড়ক ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে কমিশনার বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নির্দিষ্ট বাস ও ট্রাক স্ট্যান্ড না থাকায় মহাসড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করা হচ্ছে। এতে যানজট বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
শেষে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া, সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।








