Logo

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই!

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২ এপ্রিল, ২০২৬, ১৭:৪৪
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই!
ছবি এআই।

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পুলিশ আবারও ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হামলায় এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে ওই এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর স্থানীয় একটি মসজিদের মাইকে ‘পুলিশ আসামিকে মেরে ফেলেছে’ বলে মিথ্যা ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পরপরই ৫০ থেকে ৬০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপ-পরিদর্শক আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। আটকের পর আসামি নিজেই মাথা দিয়ে আঘাত করে। পরে লোকজন এসে লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। আজ (২ এপ্রিল) দুপুরে যশোর কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমান্ত এলাকা ঘোষরা বিল থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD