Logo

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২ এপ্রিল, ২০২৬, ১৭:২৯
চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
ছবি: সংগৃহীত

তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে চুয়াডাঙ্গার জনজীবন একেবারে অস্থির হয়ে উঠেছে। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে রূপ নেওয়ায় জেলার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

গতকাল বুধবার (১ এপ্রিল) একই সময়ে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ২ ডিগ্রি।

বিজ্ঞাপন

হঠাৎ এই তাপ বৃদ্ধিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। বিশেষ করে জেলার বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তীব্র গরমে সড়কের পিচ গলে উঠতে দেখা গেছে। শহরের পৌরসভার সামনে এমন চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা শহরের মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম বলেন, “এই গরমে লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। মাথা ঘুরে যায়। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এর মধ্যে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ছে।”

আরেক চালক রবিন বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর খারাপ লাগছে। তেলের জন্য যেমন কষ্ট, তার ওপর এই প্রচণ্ড গরম— দুটো মিলিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে।”

বিজ্ঞাপন

শুধু চালকরাই নয়, দিনমজুরদের অবস্থাও করুণ হয়ে উঠেছে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

দিনমজুর আব্দুল রনজেত বলেন, রোদ এত বেশি যে কাজ করতে পারি না ঠিকমতো। তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। দুপুরের রোদে শরীর জ্বলতে থাকে।

বিজ্ঞাপন

আরেক দিনমজুর কুরবান বলেন, আমাদের এখানে এখন ভুট্টা কাটার কজ হচ্ছে কিন্ত যে গরম পরছে এতে মাঝে মনে হচ্ছে আজ ইস্টক করবো কিন্ত কি আর করার কাজ না করলে পেটে খাবার যাবে না তাই কাজে যেতেই হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলতি মৌসুমে এবারই প্রথম তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি ছাড়িয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

তীব্র গরমে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD