Logo

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরালেন এসিল্যান্ড

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২ এপ্রিল, ২০২৬, ২১:৫৫
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরালেন এসিল্যান্ড
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে আটক করে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ভূমি অফিসে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন— দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও স্থানীয় দৈনিক আমার শহরের প্রতিনিধি আব্দুল আলিম।

বিজ্ঞাপন

পরে সন্ধ্যার দিকে একজন সাংবাদিকের হাতকড়া পরানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে। এতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলিম অভিযোগ করে বলেন, তার এক আত্মীয়ের নামজারি সংক্রান্ত শুনানিতে অংশ নিতে তারা উপজেলা ভূমি অফিসে যান। শুনানি বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। এ সময় তিনি ভিডিও ধারণ শুরু করলে এসিল্যান্ড তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ডেকে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার মুচলেকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযুক্ত সহকারী কমিশনার ফয়সাল আল নূর বলেন, তিনি ওয়াশরুমে যাওয়ার সময় তার কক্ষে একজনকে ভিডিও ধারণ করতে দেখেন। নিষেধ করার পরও ভিডিও করা অব্যাহত থাকায় মোবাইল ফোন নিতে গেলে কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের হাতকড়া পরানো হয় এবং থানায় নেওয়া হয়। সেখানে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এ ঘটনায় থানার কোনো সম্পৃক্ততা নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করেছে।

বিজ্ঞাপন

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD