Logo

রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল ফরিদপুর, আহত ১০

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২ এপ্রিল, ২০২৬, ২১:৩৫
রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল ফরিদপুর, আহত ১০
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেমায়েত মাতুব্বর ও মো. ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জমি মাপজোকের মাধ্যমে সালিশের উদ্যোগ নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি।

বিজ্ঞাপন

এরপর আনুমানিক ২০০ থেকে ৩০০ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজা, সেলিম চোকদার ও আসাদ শেখের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ মল্লিক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD