Logo

অর্ধশত বছরের পুরনো গাছ কেটে জমি দখলের চেষ্টা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২ এপ্রিল, ২০২৬, ২০:২৫
অর্ধশত বছরের পুরনো গাছ কেটে জমি দখলের চেষ্টা
ছবি: প্রতিনিধি

সাভারে অবৈধভাবে প্রায় অর্ধশত বছরের পুরনো একটি মেহগনি গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাকেশ ঘোষ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, সাভার মডেল থানাধীন সাধাপুর মৌজার আরএস-৬৬০ নম্বর খতিয়ানের আরএস-১৮৮১ নম্বর দাগে ৭.৫ শতাংশ জমি রাকেশ ঘোষের পিতা ওয়ারিশ সূত্রে মালিকানাধীন। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন।

তবে কিছুদিন ধরে সঞ্জিত ঘোষ ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩-৪ জন ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তারা নিয়মিতভাবে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে সঞ্জিত ঘোষ ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখলের উদ্দেশ্যে সেখানে থাকা প্রায় ৫০ বছর পুরনো একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুক্তভোগী রাকেশ ঘোষ বলেন, “গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমি ও আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তারা আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।”

এ ব্যাপারে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, “আমরা অভিযোগের বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD