Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৪ এপ্রিল, ২০২৬, ১৪:২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি–মেঘনা সেতু এলাকায় শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টোলপ্লাজার কারিগরি ত্রুটি এবং পরবর্তীতে একটি গাড়ি বিকল হয়ে পড়ার কারণে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় থাকা টোলবক্সে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে কয়েক ঘণ্টা ধরে টোল আদায় বন্ধ থাকে এবং যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা পর টোল আদায় পুনরায় শুরু হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হওয়ার চেষ্টা করে।

তবে এর কিছুক্ষণ পরই মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় মহাসড়কে একটি যানবাহন বিকল হয়ে পড়ে। ফলে ওই অংশে যান চলাচল সম্পূর্ণভাবে ধীর হয়ে যায়। একই সময় কিছু চালক উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এতে দাউদকান্দি থেকে ভবেরচর পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল যানটি সরিয়ে নেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুর পৌনে ১টার দিকেও কিছু কিছু স্থানে থেমে থেমে যান চলাচল লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, টোলপ্লাজার প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় সাময়িক যানজট তৈরি হয়েছিল। তবে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD