জীবননগরে কৃষি প্রণোদনা: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, কৃষকদের মাঝে বিতরণকৃত কৃষি প্রণোদনা সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তদারকির জন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমানে কৃষকদের ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। এ সমস্যার সমাধানে কৃষকদের প্রত্যয়নপত্র প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বাজারের নির্ধারিত এজেন্ট পয়েন্ট থেকে সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারবেন। তবে কোনো ধরনের তেলের অবৈধ মজুদ সহ্য করা হবে না; এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ জন কৃষককে ৫ কেজি করে পাটের বীজ, ২০০ জন কৃষককে ৫ কেজি করে মুগের বীজ এবং ১৩০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি ও পটাশ সার দেওয়া হবে।
বিজ্ঞাপন
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।








