Logo

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

profile picture
উপজেলা প্রতিনিধি
চাটখিল, নোয়াখালী
৬ এপ্রিল, ২০২৬, ১৬:৫৪
নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপিত একটি টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার অস্বাভাবিক ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই বা লাইটার ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল স্থাপনের পর থেকেই পানির সঙ্গে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদ বুদ শব্দ করে। এ কারণে পানি ব্যবহার করতে পারছিল না পরিবারটি। বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকি নিরূপণের জন্য দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি।

বিজ্ঞাপন

আব্দুল মতিন বলেন, প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করি, তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত পরীক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD