মাটি-বালু ও মাদক দমনে কঠোর অবস্থানে এমপি ফখরুল

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের মাটি ও মানুষের অধিকার রক্ষায় জাতীয় সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকার তিনটি প্রধান জনদুর্ভোগ—অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন এবং মাদকের বিস্তার—রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে এমপি ফখরুল ইসলাম বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু চক্র ফসলি জমির মাটি কেটে পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। তিনি এই অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ছে। জনস্বার্থ বিসর্জন দিয়ে কাউকে পকেট ভারী করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বালু দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মাদকের বিষয়ে কড়া অবস্থান তুলে ধরে এমপি ফখরুল ইসলাম ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের সঙ্গে জড়িত গডফাদার ও কারবারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “কবিরহাট ও কোম্পানীগঞ্জের মাটি আমার শিকড়। এই এলাকার পরিবেশ ধ্বংস করে বা আমাদের সন্তানদের মাদকাসক্ত করে কেউ পার পাবে না।”
একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আইন অনুযায়ী এসব অনিয়ম কঠোরভাবে দমন করার উদাত্ত আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, সংসদে উত্থাপিত এসব বিষয় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।








