Logo

ফেসবুকের গুজবে তেলের খোঁজে ভিড়, না পেয়ে সড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৬ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
ফেসবুকের গুজবে তেলের খোঁজে ভিড়, না পেয়ে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে— এমন একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় যান চলাচল।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিক্রি করা হবে— এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক ওই স্টেশনের সামনে ভিড় জমান। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তারা কোনো তেল পাননি।

বিজ্ঞাপন

এতে চালকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে সক্ষম হন। পরে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, একটি ফেসবুক পোস্ট থেকেই মূলত এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD