শিক্ষার্থীদের মিড-ডে মিলে পঁচা ও দুর্গন্ধযুক্ত রুটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে চালু করা ‘মিড-ডে মিল’ কর্মসূচি বাস্তবায়নে ফেনীর সোনাগাজীতে দেখা গেল উদ্বেগজনক চিত্র। অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের হাতে ছত্রাকযুক্ত ও দুর্গন্ধযুক্ত বনরুটি তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী। খাবার বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায়। কিছু রুটি থেকে তীব্র দুর্গন্ধও বের হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নজরে আসার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত টিফিন বিতরণ বন্ধ করে দেয়। তবে এর আগেই কয়েকজন শিক্ষার্থীর হাতে ওই রুটি পৌঁছে যায়, যা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রহিমা আক্তার নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শিশুদের খাবারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নিম্নমানের ও ছত্রাকযুক্ত রুটি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিদ্যালয় প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, ১৫১ জন শিক্ষার্থীর জন্য সরবরাহ করা রুটির মধ্যে ১৭টি ছত্রাকযুক্ত পাওয়া গেছে। কোমলমতি শিশুদের কথা বিবেচনায় নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন বিতরণ বন্ধ করা হয়। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীতে এমন কিছু আর হবে না বলে তারা আশ্বাস দিয়েছেন।








