দোহারে নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দোহার উপজেলা-এ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নববর্ষের সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
উৎসবকে ঘিরে উপজেলাজুড়ে নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাঈদুল ইসলাম জানান, বাংলা নববর্ষের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।”
এ সময় বক্তারা নববর্ষ উদযাপনকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল হাসান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দোহার পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অন্যান্যরা।








