পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন জেলা হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে ডা. মতিউর রহমান বলেন, অসংক্রামক ব্যাধি ও জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তিনি স্বাস্থ্যসেবাকে আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর এসআইএমও ডা. সাজিয়া নওশীন, Jhpiego-এর ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান, Save the Children বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার, BRAC (টিবি) বরিশাল বিভাগের ব্যবস্থাপক প্রদীপ কুমার তরফদার, জেলা ব্যবস্থাপক মো. আব্দুল হাই এবং স্বাস্থ্য প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার বক্তব্য দেন।
বিজ্ঞাপন
বক্তারা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসংক্রামক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘ওয়ান হেলথ’ ধারণার বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।








