Logo

গোয়ালন্দে বিষে ৩ শতাধিক হাঁসের মৃত্যু, খামারির ক্ষতি লাখাধিক

profile picture
উপজেলা প্রতিনিধি
গোয়ালন্দ, রাজবাড়ী
৭ এপ্রিল, ২০২৬, ১৩:৪৭
গোয়ালন্দে বিষে ৩ শতাধিক হাঁসের মৃত্যু, খামারির ক্ষতি লাখাধিক
ছবি: প্রতিনিধি

গোয়ালন্দ উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে এক খামারির প্রায় ৩ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি মো. শামসু মোল্লা (৭২)।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জানান, তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা। নতুন পাড়া এলাকায় শাহিনের বাড়ির পূর্ব পাশে তার একটি হাঁসের খামার রয়েছে। সেখানে ক্যাম্বেল জাতের প্রায় ১ হাজার ৫০টি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, একই এলাকার আব্দুল মান্নান ঠান্ডু (৫০) ও ছাত্তার (৬০) তাদের লিজ নেওয়া জলাশয়ে গত ৫ এপ্রিল দিবাগত রাতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করেন। ওই জলাশয়ের পাশেই শামসু মোল্লার খামার ও পুকুর অবস্থিত।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের বিষয়ে তাকে পূর্বে অবহিত করা হয়নি। ফলে ৬ এপ্রিল সকালে প্রতিদিনের মতো হাঁসগুলো পুকুরে ছাড়লে বিষাক্ত পানিতে ভেসে থাকা মাছ খেয়ে প্রায় ৩০০টি হাঁস মারা যায়।

অভিযুক্ত আব্দুল মান্নান ঠান্ডু জানান, কয়েকদিন আগে পুকুরে ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং বিষয়টি শামসু মোল্লাকে জানানো হয়েছিল। এরপরও তিনি হাঁস পুকুরে ছেড়ে দেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী গোয়ালন্দঘাট থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ক্ষতিপূরণসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, বিষ প্রয়োগে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং এ ধরনের ঘটনা আশপাশের খামারিদের জন্যও ঝুঁকিপূর্ণ।

গোয়ালন্দঘাট থানার তদন্ত কর্মকর্তা মো. রাশিদুল জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে কিছু হাঁসের মৃত্যুর সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারি দ্রুত ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD