দামুড়হুদায় তেল বাজারে অভিযান, ৩ জনকে জরিমানা

দামুড়হুদা উপজেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার অভিযান শুরু হয়েছে।
বিজ্ঞাপন
কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও তেল পাচার রোধে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার দামুড়হুদা ও লোকনাথপুর এলাকার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তিন ব্যক্তিকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম। এ সময় উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা-এর চার উপজেলার মোট ২২টি ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক লুৎফুন নাহার-এর স্বাক্ষরিত আদেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
তবে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে তাদের অনুপস্থিতি ও দেরিতে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে এসেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুল রহমান সাহেল জানান, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি ফিলিং স্টেশন মালিকদের সরকারি নির্দেশনা মেনে প্রকৃত গ্রাহকদের মধ্যে তেল সরবরাহের নির্দেশ দেন এবং জানান, নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন।








