মহেশপুরে ভ্যানচালক নির্যাতন, ৩ জন গ্রেফতার

মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ি গ্রামে চোর সন্দেহে এক অসহায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) সকালে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল হোসেন (৪০) শারীরিকভাবে অসুস্থ অবস্থায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাকে থামতে বললে সাড়া না পেয়ে কয়েকজন ব্যক্তি তাকে পথরোধ করে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারধর করে এবং পরে গাছে বেঁধে রাখে।
নির্যাতনের ফলে তার কোমরের নিচে গুরুতর আঘাত, পা ফুলে যাওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ডা. নয়ন জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুয়ারা বলেন, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। পূর্বে স্ট্রোকে আক্রান্ত জামাল কষ্ট করে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। এই ঘটনার পর তিনি আর কাজ করতে পারবেন কিনা তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় জামালের মামাতো ভাই মোঃ মাইনুদ্দিন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে।
বিজ্ঞাপন
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে তরিকুল ইসলাম, শিমুল ও মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ জানায়, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩৪২/৫০৬ ধারায় মামলা করা হয়েছে। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।








