Logo

সাপাহারে সমবায় টাকা আত্মসাৎ, গ্রাহকদের মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
সাপাহার, নওগাঁ
৭ এপ্রিল, ২০২৬, ১৪:৫০
সাপাহারে সমবায় টাকা আত্মসাৎ, গ্রাহকদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে কোচকুড়লিয়া এলাকার ভুক্তভোগী গ্রাহক ও সমিতির সদস্যদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, সমিতিটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে সমিতির পরিচালক মোঃ আব্দুল হালিমসহ সংশ্লিষ্টরা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। পরে ২০২৪ সালের ২৫ অক্টোবর হঠাৎ অফিস বন্ধ করে তারা আত্মগোপনে চলে যান।

বিজ্ঞাপন

অভিযুক্তদের মধ্যে রয়েছেন উম্মে কুলসুম, সবুজ, সুবর্ণা, সোহাগ, হাই বাবু ও মাসুদ রানা—যারা সবাই কোচকুড়লিয়া এলাকার বাসিন্দা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ এবং অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও উপজেলা সমবায় কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং আমানতের টাকা ফেরতের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও বিএনপি নেতা মোকলেছুর রহমান জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিতে তারা সহযোগিতা করবেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD