Logo

দামুড়হুদায় অবৈধ মাটি বিক্রি, ট্রাক্টর জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৭ এপ্রিল, ২০২৬, ১৪:২৬
দামুড়হুদায় অবৈধ মাটি বিক্রি, ট্রাক্টর জব্দ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পুকুর খননের অনুমতি নিয়ে রাতের আঁধারে ইটের ভাটায় মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উজিরপুর মৌজার ফকিরপাড়া গ্রামের দিঘির মাঠে পুকুর খননের অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করা হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি একটি অবৈধ ট্রাক্টর জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযুক্তরা প্রথমে মাটি কাটার অনুমতি রয়েছে বলে দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে কাগজপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। রিপোর্ট লেখা পর্যন্তও কোনো বৈধ অনুমতিপত্র জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।

এদিকে জব্দ করা ট্রাক্টরটি ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল তৎপরতা চালাচ্ছে বলেও স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। একইসঙ্গে এ ঘটনায় এক স্থানীয় জনপ্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হযরত আলী জানান, সংশ্লিষ্টদের পূর্বে অনুমতি দেওয়া হয়েছিল, তবে সেই অনুমতির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উবায়দুর রহমান সাহেল বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। অভিযুক্তরা অনুমতির কথা বললেও এখনো কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যদি অনুমতি নিয়ে থাকে, তবে শর্ত ভঙ্গের দায়ে তা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD