Logo

শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৭ এপ্রিল, ২০২৬, ১৪:১৩
শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। তবে শ্রমিকরা এখনো মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েই গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে পুলিশ একাধিকবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও তারা সাড়া না দিলে শেষ পর্যন্ত বলপ্রয়োগ করা হয়।

পুলিশের হস্তক্ষেপের পর শ্রমিকরা সড়ক ছেড়ে পাশেই অবস্থান নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের উভয় লেনেই যান চলাচল স্বাভাবিক দেখা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা ইপিজেড এলাকায় অবস্থিত নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে মিছিল নিয়ে মহাসড়কে ওঠেন। তারা জানান, প্রায় পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন জানান, শ্রমিকদের সঙ্গে বারবার আলোচনা করে অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। দীর্ঘ যানজটে আটকে পড়া সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তাদের জানানো হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমিত বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে শ্রমিকরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তাদের দাবি আদায় না হলে পুনরায় মহাসড়ক অবরোধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD