Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ ১০ কিলোমিটার যানজট

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ ১০ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। কুমিল্লা ইপিজেডে কর্মরত নাসা গ্রুপের শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

অবরোধ চলাকালে শ্রমিকরা জানান, তাদের বকেয়া বেতন ও বিভিন্ন ভাতা দীর্ঘদিন ধরে পরিশোধ করা হচ্ছে না। দ্রুত পাওনা পরিশোধের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

শ্রমিকদের এই অবস্থানের কারণে পদুয়ার বাজার অংশ থেকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়, যা সময়ের সঙ্গে বেড়ে অন্তত ১০ কিলোমিটারে পৌঁছায়। প্রচণ্ড গরমের মধ্যে আটকে থাকা শত শত যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, শ্রমিকরা বেশ কিছু সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ৩৫ মিনিট) অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD