Logo

পানছড়িতে ১৪০০ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
১১ এপ্রিল, ২০২৬, ১৪:০৩
পানছড়িতে ১৪০০ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে সাহসিকতাপূর্ণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী বড় ধরনের গোলাবারুদ পাচার করছে—এমন তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলমের নেতৃত্বে একটি দল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহীকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় আরোহীরা মোটরসাইকেল ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মিমি এসএমজির ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে ফেরার পথে টহল দলটি একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। পথে প্রায় ১০০–১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি সদস্যদের ঘিরে ফেলে বলে জানা যায়।

তবে বিজিবি সদস্যরা ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। এ সময় ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পিছু হটে।

বিজ্ঞাপন

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসী ও চোরাচালান চক্র নতুন কৌশল ব্যবহার করলেও গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD