Logo

দেশে ফিরেই নিঃস্ব প্রবাসী, সীমানা নিয়ে পুলিশের ঠেলাঠেলি

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১১ এপ্রিল, ২০২৬, ১২:৫২
দেশে ফিরেই নিঃস্ব প্রবাসী, সীমানা নিয়ে পুলিশের ঠেলাঠেলি
ছবি: সংগৃহীত

দেশে ফিরে স্বজনদের কাছে যাওয়ার পথেই সংঘবদ্ধ ডাকাতির কবলে পড়েছেন এক প্রবাসী। নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, স্বর্ণালংকার ও পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর আইনি সহায়তা পেতে গিয়ে দুই থানার সীমানা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহানউদ্দিন, যিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে অতিক্রম করার সময় ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ অর্থ, আইফোন, ল্যাপটপ, প্রায় ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট লুট করে নেয় তারা।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই বোরহানউদ্দিন প্রথমে সোনারগাঁ থানায় যান অভিযোগ জানাতে। সেখানকার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ডাকাতির স্থানটি তাদের আওতাভুক্ত নয়; বরং বন্দর থানা এলাকার মধ্যে পড়ে। এরপর তাকে বন্দর থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তারা পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই করেন। পরে নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থল মদনপুর বাজারসংলগ্ন এলাকা, যা বন্দর থানার অধীনে। এ বিষয়ে বন্দর থানাকে অবহিতও করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের সঠিক অবস্থান নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাদের পক্ষ থেকেও একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি, ঘটনাস্থল যেখানেই হোক, ভুক্তভোগীকে আইনি সহায়তা দিতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

ঘটনাটি আবারও মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি এবং প্রশাসনিক সমন্বয়ের প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD