গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুর শহরের সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালনকালে পিআইও নুরনবী সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক জাফর আলীসহ কয়েকজন তার কক্ষে প্রবেশ করে মারধর করেন এবং অফিসে ভাঙচুর চালান।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী পিআইও নুরনবী সরকার বাদী হয়ে মামুনুর রশিদ মামুনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পরপরই অভিযান চালিয়ে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পিআইও নুরনবী সরকার অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় তার কাছে অনৈতিক দাবি করা হয়েছিল। দাবি পূরণ না করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে অফিসে ঢুকে তাকে মারধর ও অফিস ভাঙচুর করা হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বিজ্ঞাপন
ঘটনার পর বিভিন্ন পেশাজীবী সংগঠন ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই দিনে স্থানীয় অফিসার্স ক্লাবও পৃথক বিবৃতি দিয়ে ঘটনার বিচার দাবি করে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।








