বাগাতিপাড়ায় ফাঁস দিয়ে প্রতিবন্ধী স্কুলছাত্রীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় সাদিয়া আফরিন মদিনা (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই এলাকার দিনমজুর গোলাম মুর্শিদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিল এবং তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল। পরিবার জানায়, মাঝে মাঝে সে হঠাৎ রেগে যেত।
বিজ্ঞাপন
ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা অন্যের জমিতে কাজ করতে যান এবং মা মাঠে ছাগল নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে তার ৭ বছরের ছোট বোন জান্নাতুল তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।








