Logo

মাটিরাঙায় ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে বর্ণাঢ্য বৈসু উৎসব

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১১ এপ্রিল, ২০২৬, ১৭:১৪
মাটিরাঙায় ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে বর্ণাঢ্য বৈসু উৎসব
ছবি প্রতিনিধি।

মাটিরাঙা উপজেলা মাঠে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, আঞ্চলিক শাখার উদ্যোগ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উৎসবের প্রধান অতিথি ছিলেন মাটিরাঙা পৌরসভা বিএনপির সভাপতি শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা। সঞ্চালনা করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের, বাংলাদেশ মাটিরাঙা আঞ্চলিক শাখার সভাপতি দিগেন্দ্র ত্রিপুরা। অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলাদেশের বর্ণিল সংস্কৃতি, পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য ও সম্প্রীতির কথা তুলে ধরেন। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সহযোগিতা কামনা করেন। ত্রিপুরা নেতৃবৃন্দ ভবিষ্যতে ত্রিপুরা জনগোষ্ঠীর যেকোনো অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে এবং সংস্কৃতিকে সমুন্নত রাখতে অতিথিদের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

শোভাযাত্রাটি উপজেলা মাঠ থেকে শুরু হয়ে মাটিরাঙা পৌরসভা গেট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে স্থানীয় শিল্পীরা বৈসু উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্য ও হজাগিরি নৃত্য পরিবেশন করেন। নৃত্যের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

বৈসু উৎসবকে ঘিরে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের মিলনমেলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন উৎসবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD