Logo

লালমনিরহাটে ভোজ্যতেলের সিন্ডিকেট রোধে ক্যাবের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৮ এপ্রিল, ২০২৬, ১৩:৪১
লালমনিরহাটে ভোজ্যতেলের সিন্ডিকেট রোধে ক্যাবের মানববন্ধন
ছবি প্রতিনিধি।

সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা শহরের মিশন মোড়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর (অব.) হারুন অর রশিদ। এতে বক্তব্য রাখেন ক্যাব লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. নুরুজ্জামান আহমেদ এবং আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মৃধা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে। তারা সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এছাড়া নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করা এবং ভোজ্যতেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয় মানববন্ধনে। বক্তারা সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি না থাকায় মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD