রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৫০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে নতুন করে ২৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালে এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন। চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।
গত এক সপ্তাহের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার চারজন, বুধবার তিনজন, মঙ্গলবার একজন, সোমবার দুইজন, রোববার দুইজন, শনিবার তিনজন এবং শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
বিজ্ঞাপন
চিকিৎসকদের মতে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু, যারা তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেরি হলে জটিলতা বাড়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বেড়ে যেতে পারে।
সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।








