Logo

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ড, চট্টগ্রাম
৯ এপ্রিল, ২০২৬, ১৫:৪১
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. শামীমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, সরকার পতনের পর থেকে শামীম আত্মগোপনে ছিলেন। ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন তিনি। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসতে শামীমকে ডাকেন। সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে এই হামলা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের খবর

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD