এনসিপির নেত্রী রাফিয়া সুলতানা আর নেই

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাফিয়ার বয়স হয়েছিল ৩২ বছর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া জেলা এনসিপি তার মৃত্যু নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে।
শোক বার্তায় বলা হয়েছে, রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তরের পর রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী এবং দুই মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
রাফিয়া সুলতানা রাফি শিক্ষাজীবনে ও রাজনৈতিক কর্মজীবনে উভয় ক্ষেত্রেই সক্রিয় ছিলেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদের পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন। এছাড়া ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সক্রিয় হয়ে দলের বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।
শোক বার্তায় জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলী এলাকার আটবাড়িয়া পীরগাছায় রাফিয়া সুলতানার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।
উল্লেখ্য, রাফিয়া সুলতানা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন এবং গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সময়ে সক্রিয় ছিলেন। তার কর্মজীবন ছিল ছাত্র ও সামাজিক ন্যায়ের সংগ্রামের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তার অকাল মৃত্যু রাজনৈতিক ও শিক্ষাজীবন ক্ষেত্রের জন্য বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।








