Logo

ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
৯ এপ্রিল, ২০২৬, ১৪:৪৫
ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতরা হলেন—কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। তাদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুরে পাঠানো হয়। অন্য দুইজন বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেজওয়ান নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে থেকেই ফিলিং স্টেশনটিতে তেল নেওয়ার জন্য ভিড় ছিল। দুপুরের দিকে লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে রেজওয়ানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করেন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিহাবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। তিনি বলেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ফিলিং স্টেশনটিতে স্বাভাবিকভাবে তেল সরবরাহ কার্যক্রম চালু আছে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD