সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের অংশ উড়ে গেছে। একই সঙ্গে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে, মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার ভেতরে মিয়ানমারের অংশে ‘নারিকেল বাগান’ এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, বিস্ফোরণের শব্দ শোনার পর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে দেখতে পান, আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরার উদ্দেশ্যে সাদেকসহ একদল জেলে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। মাছ ধরা শেষে ফেরার পথে তারা ল্যান্ডমাইনের বিস্ফোরণের শিকার হন। এতে সাদেক গুরুতরভাবে আহত হন।
এ ধরনের ঘটনা সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।
বিজ্ঞাপন
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার সময় ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








