Logo

টিকটকে পরকীয়া, দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১১ এপ্রিল, ২০২৬, ২১:৫২
টিকটকে পরকীয়া, দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, উপজেলার ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে ঘর ছেড়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) ভুক্তভোগীর মা রমুজা বেগম বুড়িচং থানায় অভিযোগ জমা দেন।

জানা গেছে, ২০১৯ সালে পারিবারিকভাবে এক লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারে অর্থ পাঠাতেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, প্রায় দেড় বছর আগে মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতায় গড়ায় এবং একপর্যায়ে তা পরকীয়ায় রূপ নেয়।

গত ৯ এপ্রিল গভীর রাতে তিনি আনুমানিক তিন ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৬ লাখ টাকা), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে ওই ব্যক্তির সঙ্গে অজ্ঞাত স্থানে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বড় ছেলে (৫) ঘুমন্ত অবস্থায় বাড়িতে রেখে ছোট ছেলে (২)-কে সঙ্গে নিয়ে যান তিনি। পরে আত্মীয়দের মাধ্যমে ছোট শিশুটিকে তার বাবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক ফোনে প্রতিক্রিয়ায় বলেন, এই ঘটনায় তিনি সবকিছু হারিয়েছেন এবং তার সন্তানরা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। একজন প্রবাসী হিসেবে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ও আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, আনিসুর রহমানের বাড়ি চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল সংলগ্ন এলাকায় এবং তার পিতার নাম মো. ইউনুস।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD