Logo

বগুড়ায় চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১২ এপ্রিল, ২০২৬, ১৪:৪৯
বগুড়ায় চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ‘সি’ ব্লক এলাকায় মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের বাসটিতে আগুন লাগে বলে জানা গেছে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তারা। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে বাসটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD