থানচিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো চাকমাদের বিজু উৎসব

বান্দরবানের থানচিতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এ বছরের বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বলিপাড়া এলাকায় বসবাসরত চাকমা নারী-পুরুষ ও শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাঙ্গু নদীর তীরে সমবেত হন। পরে তারা নদীতে নানা রঙের ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ-গ্লানি বিদায় এবং নতুন বছরের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়। র্যালিটি বিজিবির চেকপোস্ট থেকে শুরু হয়ে সাঙ্গু নদী ঘাটে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিজ্ঞাপন
অংশগ্রহণকারীরা জানান, ফুল বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ উৎসবের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিজু উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
উৎসবকে ঘিরে পুরো থানচি উপজেলায় এখন আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে।








