Logo

মৌলভীবাজারে ৩০০ বছরের পুরোনো মুন্সিবাড়ি জমিদার বাড়ি ধ্বংসের মুখে

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৪ এপ্রিল, ২০২৬, ১৪:২৮
মৌলভীবাজারে ৩০০ বছরের পুরোনো মুন্সিবাড়ি জমিদার বাড়ি ধ্বংসের মুখে
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো মুন্সিবাড়ি জমিদার বাড়িটি আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এটি ছিল একটি প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল এবং পুরো এলাকার জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় তিনশ বছর আগে নির্মিত। ধারণা করা হয়, রাজা মানসিংহ রায়ের বংশধররা এখানে বসবাস করতেন। এই মুন্সিবাড়ির নামানুসারেই এলাকার নামকরণ করা হয়েছে ‘মুন্সিবাজার’।

প্রাচীন এই স্থাপনাটিতে বড় বড় দালান, নকশা করা দেয়াল এবং ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর নিদর্শন আজও চোখে পড়ে। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে পড়ছে, ফলে এটি এখন ধ্বংসের মুখে।

বিজ্ঞাপন

একসময় এই মুন্সিবাড়ি এস্টেটের অন্তর্ভুক্ত ছিল শ্রীনাথপুর, ধর্মপুর, হরিস্মরণ, দুর্গাপুর, বৃন্দাবনপুর, রামেশ্বরপুর, বলরামপুর, শ্যামের কোণা, চৈত্রঘাট, প্রতাপী, জৈগ্যশাল, জগন্নাথপুর, শ্রীগড়, রামপুর, ছয়কুট, রামচন্দ্রপুর, চণ্ডীপুর, গোবিন্দপুর, বনবিষ্ণুপুর, বিষ্ণুপুর, লক্ষ্মীপুর, বিক্রমপুরসহ আরও বহু গ্রাম।

এছাড়া কালী প্রসাদ স্কুল, মুন্সিবাজার, রাজদিঘী, আহমদনগর মাদ্রাসা, জগন্নাথপুর নারায়ণ গোপীনাথ আখড়া, মঙ্গলচণ্ডী বাড়ি, মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর জোড়া মণ্ডপ, রহিমপুর ইউনিয়ন অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সরকারি কলেজের দিঘি এবং মুন্সিবাজার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে জমিদার পরিবারের অবদান রয়েছে। এমনকি কালী প্রসাদ স্কুলের শিক্ষার্থীদের নামাজের জন্য মসজিদের জমিও দান করা হয়েছিল এই পরিবারের পক্ষ থেকে।

স্থানীয়দের মতে, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে, যা এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের অভাবে বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি হারিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

মুন্সিবাড়ির জমিদার বংশধর স্বাগত কিশোর দাশ চৌধুরী বলেন, “আমাদের পূর্বপুরুষদের এই জমিদার বাড়িটি প্রায় ৩০০ বছরের পুরোনো। আমরা নিজেরা যতটা সম্ভব দেখাশোনা করছি, কিন্তু একা আমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। সরকারের সহযোগিতা পেলে আমরা এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারব।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ইতোমধ্যে সেখানে লোক পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।”

বিজ্ঞাপন

ঐতিহ্যের ধারক এই মুন্সিবাড়ি জমিদার বাড়িটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD