প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে দিয়ে বিএনপির এক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। পথে টঙ্গী এলাকায় তার গাড়িবহর পৌঁছালে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে গাড়ির গতি থামিয়ে দেন। এ সময় তারা বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
বিজ্ঞাপন
এ বিষয়ে নুরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা নির্দোষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বাবার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার রায়ে হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিজ্ঞাপন
প্রথমদিকে নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও আপিলের পর তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। বর্তমানে মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।








