Logo

পানছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
১৪ এপ্রিল, ২০২৬, ১৪:৫৮
পানছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাহাড়ি জনপদে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের নানা অনুষঙ্গে সজ্জিত এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, লোকজ নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের উৎসব। এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ করে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা করছি।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আগত অতিথিরা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নতুন বছর উদ্‌যাপনের আহ্বান জানান।

সার্বিকভাবে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পানছড়িতে বাংলা নববর্ষ উদ্‌যাপন সম্পন্ন হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD